পা ব্যথায় পরীমনি আদালতে অনুপস্থিত, মাদক মামলার শুনানি ১৭ নভেম্বর

পা ব্যথায় পরীমনি আদালতে অনুপস্থিত, মাদক মামলার শুনানি ১৭ নভেম্বর ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৫:২৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পায়ে ব্যথার কারণে ঢাকার আদালতে হাজির হতে পারেননি অভিনেত্রী পরীমনি। তার অনুপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১৭ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতে সময় চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, কিছুদিন আগে পায়ে আঘাত পাওয়ার পর সম্প্রতি ব্যথা বেড়ে যাওয়ায় পরীমনির চলাফেরায় সমস্যা হচ্ছে। এ কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।

তবে আসামিপক্ষের সময়ের আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, মামলাটি দীর্ঘদিন ধরে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। পরীমনি বিভিন্ন সময়ে আদালতে অনুপস্থিত থেকে সময়ের আবেদন করে আসছেন বলেও তিনি দাবি করেন। এ কারণে তার জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার আবেদন জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

পরে আদালত সময়ের আবেদন বিবেচনা করে আগামী ১৭ নভেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার পেছনের ঘটনা
২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব। অভিযানে তার বাসা থেকে এলএসডি, আইস ও বিভিন্ন ধরনের মদ উদ্ধারের কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

এর পরদিন ৫ আগস্ট বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে র‍্যাব।

তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। পরে চলতি বছরের ৫ জানুয়ারি আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement