স্ত্রী-সন্তানকে ঘিরেই নতুন জীবন, গানে ফেরার ইঙ্গিত নোবেলের
Published : ১৫:১১, ৩ অক্টোবর ২০২৬
একসময় গান দিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শ্রোতাদের মুগ্ধ করেছিলেন মাইনুল আহসান নোবেল। ভারতের জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘সা রে গা মা পা বাংলা’র মঞ্চে আলোচনায় আসার পর তাকে ঘিরে তৈরি হয়েছিল বড় প্রত্যাশা। তবে পরবর্তী সময়ে নানা বিতর্ক ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা তার সংগীত ক্যারিয়ারে প্রভাব ফেলে।
এবার অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নোবেলের জীবনে ভিন্ন এক অধ্যায়ের আভাস মিলছে। স্ত্রী ও সন্তানকে ঘিরে নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করছেন এই সংগীতশিল্পী। তার সাম্প্রতিক পোস্টগুলো দেখে অনেক ভক্তের ধারণা, পরিবারকে কেন্দ্র করে নতুনভাবে জীবন সাজানোর চেষ্টা করছেন তিনি।
সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাতে দেখা যায় নোবেলকে। ভিডিওটি ধারণ করেছেন তার স্ত্রী।
আরেকটি ভিডিওতে টাঙ্গাইলের ধনবাড়ির নবাববাড়িতে ছেলেকে কোলে নিয়ে জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের ‘বাবা’ গান গাইতে দেখা যায় তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী-পুত্রের সঙ্গে কাটানো আরও বেশ কিছু মুহূর্তের ছবিও শেয়ার করছেন নোবেল। ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ কিংবা ‘মাই ফ্যামিলি’—এ ধরনের ক্যাপশনে প্রকাশ করা পোস্টগুলোতে ফুটে উঠছে তার পারিবারিক জীবনের ঘনিষ্ঠ মুহূর্ত।
নোবেলের এসব পোস্টে ভক্তদের প্রতিক্রিয়াও ইতিবাচক। অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। কেউ কেউ অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন।
২০১৮ সালে ‘সা রে গা মা পা বাংলা’র মাধ্যমে ব্যাপক পরিচিতি পান নোবেল। প্রতিযোগিতায় তার পরিবেশনা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। এরপর সংগীতাঙ্গনে তাকে ঘিরে তৈরি হয় নানা প্রত্যাশা।
তবে পরবর্তী সময়ে ব্যক্তিগত জীবন, মাদকসংক্রান্ত অভিযোগ, নারীঘটিত অভিযোগ ও আইনি জটিলতাসহ বিভিন্ন কারণে তাকে নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে।
২০২৫ সালের ১৯ জুন নোবেলকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দেয় তার বিয়ে। কারাগারের প্রধান ফটকের সামনে একটি ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করার খবর প্রকাশিত হয়। বর্তমানে সেই স্ত্রীর সঙ্গে সংসার করছেন তিনি। তাদের একটি পুত্রসন্তান রয়েছে।
কিছুদিন আগে এক মঞ্চে ছেলেকে প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দেন নোবেল। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তার পারিবারিক মুহূর্তের ছবিও ভিডিও আরও বেশি দেখা যাচ্ছে।
দীর্ঘদিন বিতর্কের আলোচনায় থাকা এই শিল্পীর নতুন পারিবারিক অধ্যায় তাই ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। এখন অনেকের প্রত্যাশা, ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন পেছনে ফেলে নোবেল আবারও সংগীতে মনোযোগ দেবেন।
































