সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সারা গিলসনকে গুলি করে হত্যা, স্বামীর আত্মহত্যা

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সারা গিলসনকে গুলি করে হত্যা, স্বামীর আত্মহত্যা ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১১:২৯, ৩ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ঔয়াসো শহরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সারা গিলসন ও তার স্বামী জেরেমিয়া শন ডাফির মৃত্যুর ঘটনায় প্রায় দুই মাস পর নতুন তথ্য প্রকাশ পেয়েছে। মেডিকেল পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, সারা গিলসনকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল। পরে তার স্বামী ডাফি আত্মহত্যা করেন বলে তদন্তে উঠে এসেছে।

গত ২৩ জুলাই রাত ১১টা ১৫ মিনিটের দিকে ঔয়াসো পুলিশ সারার ও ডাফির বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ওই সময় বাড়িতে থাকা একটি শিশু ৯১১ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চায়।

পুলিশের ডিসপ্যাচ অডিওতে শিশুটির ফোনের সময় পেছন থেকে সারার চিৎকার শোনা যায়। এর কিছুক্ষণ পর একটি গুলির শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাড়ির ভেতর দুজনকে মৃত অবস্থায় দেখতে পায়।

তদন্তে পরে নিশ্চিত হয়, সারার মৃত্যু গুলিবিদ্ধ হয়ে হয়েছে। অন্যদিকে ডাফির মৃত্যু আত্মহত্যাজনিত বলে তদন্তকারীরা জানান।

ঘটনার আগে ডাফির বিরুদ্ধে গুরুতর অভিযোগও সামনে এসেছিল। মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে টিকটকে প্রকাশিত একটি ভিডিওতে সারা তার স্বামীর বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ করেছিলেন। তদন্তকারীরা ধারণা করছেন, ওই অভিযোগ এবং এ নিয়ে তৈরি পারিবারিক পরিস্থিতি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

ঔয়াসো পুলিশের তথ্য অনুযায়ী, ডাফি একটি যুব বাস্কেটবল দলের কোচ ছিলেন। দলের এক অপ্রাপ্তবয়স্ক নারী খেলোয়াড়কে অনৈতিকভাবে স্পর্শ করার অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। বিষয়টি দলের আরেক কোচের নজরে এলে তিনি কিশোরীর পরিবারকে তা জানান।

এরপর গত ১০ জুন সারা গিলসন আদালতে ডাফির বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়ে আবেদন করেন। আবেদনের পর আদালত ডাফিকে তাদের বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।

একই দিনে অন্য এক নারী তার ১৫ বছর বয়সী মেয়ের পক্ষ থেকেও ডাফির বিরুদ্ধে পৃথক সুরক্ষা আদেশ চেয়ে আবেদন করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে আরও অভিযোগ ওঠে, অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে একই ধরনের অনৈতিক আচরণে ডাফি দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ওঠা অপ্রাপ্তবয়স্কদের যৌন নিপীড়নের অভিযোগ পরবর্তী পর্যালোচনার জন্য মার্কিন অ্যাটর্নি অফিসে পাঠানো হয়েছিল।

তবে অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তির আগেই সারা ও ডাফির মৃত্যু ঘটে। মেডিকেল পরীক্ষার প্রতিবেদনে সারাকে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘটনাটি আবারও আলোচনায় এসেছে।

শেয়ার করুনঃ
Advertisement