রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান
Published : ১৩:৫৭, ৩ অক্টোবর ২০২৬
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ইউরেনিয়ামবাহী বিশেষ বহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
তিনি জানান, দ্বিতীয় ইউনিটের জন্য আনা ইউরেনিয়ামের প্রথম চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে।
ইউরেনিয়াম পরিবহনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। এর আগে শনিবার সকালে তিনটি বিশেষ লরিতে করে ইউরেনিয়ামের চালানটি ঢাকার উদ্দেশে রূপপুরের পথে রওনা হয়।
এর আগে শুক্রবার রাতে রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, চালানটি গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়নি।
রূপপুরের প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি ২০২৩ সালে বাংলাদেশে আনা হয়। চলতি বছরের মে মাসে ওই জ্বালানি প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে। শিগগিরই প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার প্রত্যাশা রয়েছে।
২০১৩ সালে নির্মাণকাজ শুরু হওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। রাশিয়ার সহযোগিতায় নির্মাণাধীন প্রকল্পটির ব্যয় ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি ধরা হয়েছে।


































