শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী
Published : ১৫:৩১, ৩ অক্টোবর ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া ওই সময় ভারতের সামনে অন্য কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
শনিবার (৩ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত বে অব বেঙ্গল কনভারসেশন-এর একটি সেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, পুরোনো বন্ধু হিসেবে ওই পরিস্থিতিতে ভারতের যা করার ছিল, তারা সেটিই করেছে। শেখ হাসিনাকে বহনকারী বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কী দাঁড়াত, তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন।
শেখ হাসিনা কীভাবে ভারতে পৌঁছেছিলেন—এমন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। বরং সে সময় বাংলাদেশের সামরিক বিমানে করে তিনি ভারতে প্রবেশ করেন বলে জানান তিনি।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, বিষয়টি বর্তমানে একটি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আদালতও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকায় এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয় বলে জানান তিনি।
শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে একাধিকবার জানিয়েছে যে শেখ হাসিনার প্রত্যর্পণ-সংক্রান্ত বিষয়টি নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যেই বিবেচনা করা হচ্ছে।
ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং দেশটির নিজস্ব আইন ও আইনি প্রক্রিয়ার প্রতি তারা শ্রদ্ধাশীল—এমন অবস্থান তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টিও সেই চলমান আইনগত প্রক্রিয়ার অংশ।






























