অভাবী ছেলেদের প্রতি কেন আকর্ষণ ছিল, জানালেন প্রভা
Published : ১৫:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৬
টেলিভিশন নাটকে এখন নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অভিনেত্রী প্রভা। ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা, পছন্দ-অপছন্দ ও ভাবনা নিয়ে প্রায়ই অনুসারীদের সঙ্গে কথা বলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে নিজের শৈশব, বেড়ে ওঠা ও সম্পর্কের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
পুরোনো পছন্দের প্রসঙ্গ উঠলে প্রভা জানান, একটা সময় আর্থিকভাবে অসচ্ছল ছেলেদের প্রতি তার আলাদা ধরনের আকর্ষণ কাজ করত। বিশেষ করে কেউ নিজের জীবনসংগ্রাম বা অভাবের গল্প শেয়ার করলে তা তাকে সহজেই আবেগপ্রবণ করে তুলত।
অভিনেত্রীর ভাষ্য, কারও জীবনের কষ্ট, পরিবারের দায়িত্ব নেওয়ার গল্প কিংবা না খেয়ে থাকার অভিজ্ঞতার কথা শুনলে তার ভালো লাগত। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের প্রতি নিজের এই দৃষ্টিভঙ্গি ও পছন্দে পরিবর্তন এসেছে বলেও জানান তিনি।
পডকাস্টে নিজের শৈশবের স্মৃতিও তুলে ধরেন প্রভা। জানান, ছোটবেলায় তিনি ছিলেন পরিবারের সবার বেশ আদরের। এমনকি একসময় ঠিকভাবে কথা বলতেও পারতেন না।
পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়স্বজন এবং বন্ধুদের বাবা-মায়ের কাছ থেকেও অতিরিক্ত আদর পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী। তার মতে, এ কারণেই নিজের মধ্যে পরিণতবোধ বা ম্যাচিউরিটি তৈরি হতে কিছুটা বেশি সময় লেগেছে।
প্রভা বলেন, অভিনয়জীবনে প্রবেশের পর ধীরে ধীরে স্পষ্টভাবে কথা বলা এবং নিজের মতামত প্রকাশের দক্ষতা অর্জন করেন তিনি।
নাটকে নিয়মিত না থাকলেও বর্তমানে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভা। সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমায় ইতোমধ্যে যুক্ত হয়েছেন তিনি। ছবিটির বেশির ভাগ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের শুটিং চলতি সপ্তাহে হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ সিনেমাতেও অভিনয় করছেন প্রভা। সরকারি অনুদানে নির্মিত হচ্ছে তার অভিনীত নতুন এই দুই সিনেমা।

































