ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা মার্কিন দূতাবাসের
Published : ১২:০৬, ৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা, গোপন বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর অতীতের অভিবাসন-সংক্রান্ত তথ্য সম্পর্কে কনস্যুলার কর্মকর্তাদের কাছে আগে থেকেই তথ্য থাকতে পারে।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, অতীতে অভিবাসন আইন লঙ্ঘনের কোনো ঘটনা থাকলে সে বিষয়ে সাক্ষাৎকারে সঠিক তথ্য দেওয়া জরুরি। কোনো তথ্য গোপন করা বা বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হলে আবেদনকারীর জন্য গুরুতর পরিণতি হতে পারে।
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, আবেদনকারী যদি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেন কিংবা জাল নথি জমা দেন, তাহলে তার ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
সাক্ষাৎকারে আবেদনকারীদের সব প্রশ্নের উত্তর সততার সঙ্গে দেওয়ার এবং প্রয়োজনীয় তথ্য গোপন না করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
দূতাবাসের এই সতর্কবার্তা বিশেষ করে ভিসা আবেদন প্রক্রিয়ায় তথ্যের সঠিকতা ও নথিপত্রের সত্যতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছে।































