১০ বছরের পথচলা থামছে প্রীতম-শেহতাজের
Published : ০০:০২, ৫ অক্টোবর ২০২৬
দীর্ঘ ১০ বছরের প্রেম ও দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছেন তারা।
রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন শেহতাজ।
প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম ২০২২ সালের ২৯ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করার সময় তাদের পরিচয় হয়। সেখান থেকেই সম্পর্কের শুরু।
দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেল ও চা-বাগানের মনোরম পরিবেশে বিয়ে করেন তারা। বিয়ের আগের রাতে অনুষ্ঠিত হয় গায়েহলুদের অনুষ্ঠান।
তবে এবার সেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শেহতাজ। রোববার রাত ১০টা ৪২ মিনিটে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘প্রীতম ও আমি একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
পোস্টে শেহতাজ আরও লেখেন, ‘আমরা একসঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞ এবং এখনো একে অপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা পথ চলাই আমাদের জন্য ভালো।’
তিনি জানান, অনেক ভেবেচিন্তে তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। পরিবারের সমর্থন নিয়ে এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছেন।
জীবনের এই পরিবর্তনের সময়ে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি ব্যক্তিগত গোপনীয়তা ও পরিস্থিতির প্রতি সহানুভূতিশীল থাকার অনুরোধ জানিয়েছেন শেহতাজ। জীবনের নতুন অধ্যায় সামলে সামনে এগিয়ে যেতে সবার বোঝাপড়া ও সমর্থন কামনা করেছেন তিনি।































