৯ মাস পর লাইভে তানিয়া বৃষ্টি, অভিনয়ে ফেরার প্রস্তুতি
Published : ১৬:৫৮, ৪ অক্টোবর ২০২৬
দীর্ঘ প্রায় নয় মাস আড়ালে থাকার পর আবারও ভক্তদের সামনে সরাসরি হাজির হয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ সময় কাজ থেকে দূরে থাকা এই অভিনেত্রী শনিবার ফেসবুক লাইভে এসে নিজের চিকিৎসা, বর্তমান শারীরিক অবস্থা এবং অভিনয়ে ফেরার পরিকল্পনার কথা জানান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তানিয়ার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ওই মাসেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। পরবর্তী সময়ে বাসায় চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও দুটি সার্জারি করানো হয় বলে জানান অভিনেত্রী।
চিকিৎসার কারণে দীর্ঘ সময় স্বাভাবিকভাবে কথা বলতেও পারেননি তানিয়া। তবে শনিবারের লাইভে ভক্তদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। নিজের বর্তমান অবস্থা জানিয়ে অভিনেত্রী বলেন, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন। একই সঙ্গে চিকিৎসা চলমান থাকায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
লাইভে নিজের ওজন বেড়ে যাওয়া নিয়েও কথা বলেন তানিয়া। তার ভাষ্য অনুযায়ী, দুটি সার্জারির কারণে ওজন কিছুটা বেড়েছে, যা চিকিৎসার প্রভাবের অংশ হিসেবেই দেখছেন তিনি।
অভিনয়ে ফেরার প্রসঙ্গে তানিয়া জানান, তার কেমোথেরাপি এখনো চলছে। ছয় মাসের চিকিৎসার মধ্যে তিন মাস ইতোমধ্যে শেষ হয়েছে। তবে চিকিৎসা চললেও চলতি মাস থেকেই অভিনয়ে ফেরার বিষয়ে কথাবার্তা চলছে বলে জানান তিনি।
দীর্ঘ চিকিৎসার সময়টি যে তার জন্য কঠিন ছিল, সেটিও উল্লেখ করেন অভিনেত্রী। তিনি জানান, একসময় তার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন ছিল। বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন এবং আগের চেয়ে ভালো বোধ করছেন।
ভক্তদের সঙ্গে আলাপকালে নাটকে ফেরার বিষয়েও তাদের আগ্রহের কথা উঠে আসে। তানিয়া জানান, দীর্ঘদিন যারা তার পাশে ছিলেন এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় ছিলেন, তাদের ভালোবাসা ও সমর্থন তাকে অনুপ্রাণিত করছে। একই সঙ্গে অভিনয়কে তিনি নিজেও খুব মিস করছেন বলে জানান।
অসুস্থতার সময়ে তার সঙ্গী হয়ে আছে ছয়টি পোষা বিড়াল। বেশির ভাগ সময় তাদের সঙ্গেই কাটছে তার। দীর্ঘ চিকিৎসার সময়ে যারা তার সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিনেত্রী।
লাইভের শেষদিকে তানিয়া আবারও ভক্তদের কাছে তার জন্য দোয়া চান। তিনি জানান, তার শারীরিক অবস্থা নিয়ে যারা জানতে চেয়েছেন, তাদের জন্যই মূলত সরাসরি এসে নিজের খবর জানিয়েছেন।
































