আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন পুলিশের

আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন পুলিশের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২০, ৪ অক্টোবর ২০২৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) এক দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে এ আবেদনের ওপর শুনানি চলছে।

এর আগে শনিবার একই মামলায় আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করা হয়।

এদিকে আখতারুজ্জামানের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেছেন। তারা আদালতে উপস্থিত থেকে এ আবেদনের শুনানিতে অংশ নিচ্ছেন।

মামলাটি করা হয় গত বৃহস্পতিবার (১ অক্টোবর) শাহজালাল বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার পর। এজাহারে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের বাগবিতণ্ডা ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক নিরাপত্তাকর্মীর সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। পাশাপাশি জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে বিমানবন্দর থানায় দায়ের করা ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলছে।

শেয়ার করুনঃ
Advertisement