আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন

আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৫৮, ৪ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির অভিযোগ এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে জামায়াত জানিয়েছে, বিমানবন্দরে প্রবাসীদের বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ এবং আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা’ দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে এসব বিষয়ে তাদের অবস্থান তুলে ধরা হবে। একই সঙ্গে বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে আচরণ এবং আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়েও বক্তব্য দিতে পারেন কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে সংবাদ সম্মেলনের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে বিমানবন্দরে একটি ঘটনার জেরে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারের ঘটনা ঘটে। মামলায় সরকারি কাজে বাধা, কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement