১০০ বার হলেও আবার বিয়ে করব’, বিজয়কে নিয়ে সমালোচনার জবাব রাশমিকার

১০০ বার হলেও আবার বিয়ে করব’, বিজয়কে নিয়ে সমালোচনার জবাব রাশমিকার ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৮:৫৭, ২৬ অক্টোবর ২০২৬

বিয়ের প্রস্তাব নিয়ে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হওয়ার পর মুখ খুলেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। বিজয়কে বিয়েতে রাজি করাতে তাঁকে নাকি একই কথা ১০০ বার বলতে হয়েছিল—এমন মন্তব্য ঘিরে বিতর্কের জবাবে রাশমিকা জানিয়েছেন, তাঁদের বিয়ের সিদ্ধান্তের পেছনে ছিল পারস্পরিক বোঝাপড়া, প্রস্তুতি ও একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার বিষয়টি।

সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে একসঙ্গে উপস্থিত হন বিজয় ও রাশমিকা। সেখানে বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনার সময় রাশমিকা জানান, একপর্যায়ে তিনিই বিজয়কে বিয়ের কথা বলেছিলেন। জবাবে বিজয় রসিকতা করে বলেছিলেন, তাঁকে একই কথা ১০০ বার বলতে হবে। রাশমিকার বক্তব্য অনুযায়ী, তাঁদের বিয়ে নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে প্রায় এক বছর ধরে আলোচনা হয়েছিল।

বিজয়ের ওই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ অভিযোগ করেন, এতে স্ত্রীর প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে। বিতর্কের পরিপ্রেক্ষিতে ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ পোস্টে রাশমিকা বলেন, আলোচনার কেন্দ্রে থাকা ১০০ বার বলা কিংবা এক বছর সময় নেওয়ার বিষয়গুলোকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করছেন।

রাশমিকা স্পষ্ট করেন, তাঁদের সম্পর্কের ক্ষেত্রে কতবার বিয়ের কথা বলা হয়েছে, সেটি কখনোই মুখ্য ছিল না। তাঁর ভাষায়, “প্রথমেই বলে রাখি, বিষয়টি কখনোই কতবার বলা হয়েছিল কিংবা পুরো এক বছর সময় নেওয়া নিয়ে ছিল না। আপনারা সেখানেই আটকে গেছেন। হ্যাঁ, এমন কথোপকথন হয়েছিল। কিন্তু আমাদের কেউই জাঁকজমকপূর্ণ কোনো প্রস্তাবের অপেক্ষায় ছিলাম না।”

বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরকে বোঝার জন্য যথেষ্ট সময় দেওয়াই তাঁদের কাছে গুরুত্বপূর্ণ ছিল বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, জীবনের ভালো-মন্দ, আনন্দ ও চাপের পরিস্থিতিতে তাঁরা পরস্পরকে কতটা বুঝতে পারেন, পাশাপাশি বিয়ের জন্য দুজনই প্রস্তুত কি না এবং সময়টি উপযুক্ত কি না—এসব বিষয় নিশ্চিত হতে চেয়েছিলেন।

দুজনের পারস্পরিক সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে রাশমিকা লেখেন, “আর আমরা তা-ই করেছি। আমরা একে অপরকেই বেছে নিয়েছি। আমি পুরোপুরি আবেগ দিয়ে ভাবি, আর বিজয় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়। আমাদের জীবনে একে অপরের এই গুণগুলো প্রয়োজন।”

রাশমিকার মতে, তাঁদের কাছে বিয়ের অর্থ কেবল আনুষ্ঠানিক প্রস্তাব, এক হাঁটু গেড়ে বসা কিংবা আংটি পরানোর মধ্যে সীমাবদ্ধ নয়। বরং একসঙ্গে জীবন ও ভবিষ্যৎ গড়ে তোলাই তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে বেছে নেওয়ার কথা বলেন তিনি, যাঁর জন্য দুজনই সমানভাবে নিবেদিত থাকতে পারবেন। বিজয়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা জানিয়ে রাশমিকা প্রশ্ন তোলেন, “আর হ্যাঁ, আমি আমার মানুষটিকে নিয়ে ভীষণ মুগ্ধ। এটা কখন থেকে খারাপ হয়ে গেল?”

বিজয়কে নিজের সারা জীবনের সঙ্গী হিসেবে বর্ণনা করে অভিনেত্রী বলেন, যাঁকে বিয়ে করছেন, তাঁর প্রেমে গভীরভাবে না পড়লে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার অর্থ নেই। তাঁর কাছে বিজয় এমন একজন মানুষ, যাঁর সঙ্গে জীবনের সাধারণ ও বিশেষ মুহূর্তগুলো ভাগ করে নিতে চান, যিনি তাঁর সন্তানের বাবা হবেন এবং যাঁর সঙ্গে তিনি বার্ধক্যে পৌঁছাতে চান।

সমালোচনার জবাবে রাশমিকা আরও বলেন, এমন একজন সঙ্গী খুঁজে নেওয়া উচিত, যিনি বিয়ের পরও ভালোবাসার অনুভূতিকে নতুন করে উদ্‌যাপন করার ইচ্ছা জাগিয়ে রাখবেন। বিজয়কে নিয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি লেখেন, “আমি হাজারবারও একই কাজ করব। সেখানে ১০০ বার কিছুই নয়।”

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে আসা নানা মন্তব্য, মতামত ও অনাকাঙ্ক্ষিত পরামর্শ নিয়েও হতাশা প্রকাশ করেন রাশমিকা। তাঁর ভাষ্য, তাঁদের যেভাবে আক্রমণ করা হয়েছে, তা তাঁকে বিস্মিত করেছে। তবে নিজেদের নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, তিনি জীবনের এই সময়ে সবচেয়ে বেশি সুখী। নিজের মুখের অভিব্যক্তি, বিয়ের পরের আনন্দ, অভিনয়, সিনেমা ও জীবনযাপনের মধ্য দিয়ে সেই সুখ প্রকাশ পাবে বলেও আশা করেন তিনি।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। সম্প্রতি ‘রানাবালি’ সিনেমাতেও এই জুটিকে একসঙ্গে দেখা গেছে।

শেয়ার করুনঃ
Advertisement