এনবিআর চেয়ারম্যান ও সচিব পদে পূর্ণ দায়িত্ব পেলেন আহসান হাবিব
Published : ১৯:৩৫, ২৬ অক্টোবর ২০২৬
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে পূর্ণ দায়িত্ব পেয়েছেন মো. আহসান হাবিব। এর আগে তিনি একই সঙ্গে দুটি পদেই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাঁর এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চতর নিয়োগ-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে ১০ শতাংশ কোটায় প্রেষণে আহসান হাবিবকে এ দুটি পদে নিয়োগ দেওয়া হয়েছে। অবসরে যাওয়ার আগে তাঁকে নিজ ক্যাডারে ফিরে যেতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকোত্তর পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তী সময়ে ১৫তম বিসিএসের কর ক্যাডারে জাতীয় মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে সরকারি চাকরিতে যোগ দেন।
পেশাগত প্রশিক্ষণেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। বিসিএস (কর) একাডেমির বিভাগীয় প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনের পাশাপাশি বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ফাউন্ডেশন কোর্স এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার প্রশিক্ষণে সর্বোচ্চ ‘এ-প্লাস’ গ্রেড পান।
দেশের পাশাপাশি বিদেশেও কর প্রশাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন আহসান হাবিব। ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন এবং ইউরোপের বিভিন্ন দেশে কর নিরীক্ষা, ট্রান্সফার প্রাইসিং, কর মূল্যায়ন, তদন্ত ও ডিজিটালাইজেশন বিষয়ে প্রশিক্ষণে অংশ নেন তিনি।
এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক), বিসিএস (কর) একাডেমি, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতিতে রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ ও সেশনে দায়িত্ব পালন করেছেন আহসান হাবিব।
































