পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে ডিক্যাব লাউঞ্জে আগুন, পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে
Published : ১৮:৫২, ২৬ অক্টোবর ২০২৬
রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এ আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাঁচতলা ভবনটির দ্বিতীয় তলায় সাংবাদিকদের বসার কক্ষে রাখা বইপুস্তকে আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে দমকলকর্মীরা পৌঁছানোর আগেই আগুন নিভে যাওয়ায় তাদের আগুন নেভানোর প্রয়োজন হয়নি।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানতে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ নির্ধারণের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
































