পরীমনির ‘ব্যাডটাচ’ অভিযোগ ঘিরে বিতর্ক, সাংবাদিকের দাবি—‘আমার এক হাতে মোবাইল ছিল’
Published : ১৮:৩৩, ৫ নভেম্বর ২০২৬
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’ বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরীমনির অভিযোগ সত্য নয়। অভিযুক্ত সাংবাদিকের ডান হাতে জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এবং ঘটনার সময় তাঁর অন্য হাতে মোবাইল ফোন ছিল বলে জানিয়েছেন ওই সাংবাদিক।
অভিযুক্ত সাংবাদিকের নাম রবিউল ইসলাম রাজু। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি দাবি করেন, পরীমনি তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলেছেন। তাঁর ভাষ্য, আদালতের লিফটে ওঠার সময় থেকেই পরীমনির সঙ্গে তাঁর বিরোধের সূত্রপাত। ওই সময় তিনি ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে পরীমনি তাঁর মোবাইল ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন বলেও অভিযোগ করেন তিনি।
নিজের শারীরিক প্রতিবন্ধকতার বিষয়ে রাজু বলেন, ‘আমার ডান হাতে প্রতিবন্ধকতা আছে। এই হাত খুবই কম ব্যবহার করি। আমার অন্য হাতে মোবাইল ফোন ছিল।’
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত রবিউল ইসলাম রাজু সহকর্মীদের কাছে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন পান চিত্রনায়িকা পরীমনি। পরে আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় তাঁর ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ও সহকারীদেরও চড়াও হতে দেখা যায়।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, পরীমনির নিরাপত্তাকর্মী ও সহকারীরা তাঁকে ঘিরে আদালত থেকে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় সাংবাদিকেরা তাঁকে ঘিরে জামিনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চান। কেউ কেউ দূর থেকে প্রশ্ন করেন, ‘জামিনের পরে আপনার প্রতিক্রিয়া কী, আমাদের মন্তব্যটা বলেন।’
প্রায় ৩০ সেকেন্ড ধরে চলা ওই ঘটনার একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীমনি। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত কয়েকজন ওই ব্যক্তিকে সরিয়ে দেন। পরে ক্ষোভ প্রকাশ করতে করতে দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন পরীমনি।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমনি। বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
































