নবীনগর-চন্দ্রা মহাসড়কে শ্রমিকদের অবরোধ
Published : ২১:০২, ১ অক্টোবর ২০২৪
ঢাকার সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে গত প্রায় ২৪ ঘণ্টার বেশি সময় ধরে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছে শ্রমিকরা। বকেয়া বেতনসহ পাওনাদি পরিশোধের দাবিতে তারা সোমবার সকালে এ অবস্থান নেন, যা চলছে মঙ্গলবার পর্যন্ত। এ অবরোধের জেরে মহাসড়কটিতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় শ্রমিকদের সড়কে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।
এতে সড়কের নবীনগর থেকে বাইপাইল হয়ে কবিরপুর পর্যন্ত প্রায় ১৩ কিমি যানজটের সৃষ্টি হয়েছে। এর মধ্যে চন্দ্রাভিমুখী সড়কে নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত ৩ কিমি ও ঢাকামুখী লেনে কবিরপুর থেকে বাইপাইল ১০ কিমি সড়কে যানজট সৃষ্টি হয়েছে।
মহাসড়কের বাইপাইল পয়েন্টেই উভয় লেনেই গতকাল (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। গতকাল গভীর রাতে বৃষ্টিতে ভিজেও সড়ক অবরোধ করে রেখেছিলেন তারা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই মহাসড়কে কর্মব্যস্ততা বাড়তে থাকে। তবে সড়ক অবরোধের কারণে এ এলাকায় আসা পথচারী ও যানবাহনকে ভোগান্তিতে পড়তে হয়। অবরোধের কারণে নবীনগর ত্রিমোড় কে কেন্দ্র করে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কেও জট সৃষ্টি হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের আরিচা মুখী সড়কে প্রায় নবীনগর থেকে সাভারের দিকে প্রায় ১০ কিমি ও ঢাকা মুখী সড়কে নবীনগর থেকে গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত প্রায় ২ কিমি যানজট সৃষ্টি হয়।
জানা যায়, বার্ডস গ্রুপের ৪ টি কারখানা বার্ডস আর এন আর ফ্যাশন্স লিমিটেড, বার্ডস গার্মেন্টস, বার্ডস ফেডরেক্স, বার্ডস এ এন্ড জেড লিমিটেড পাওনাদি পরিশোধ না করে বন্ধের ঘোষণা দেয়ার পর এসব কারখানার প্রায় ২,০০০ বিক্ষুদ্ধ শ্রমিক সড়ক অবরোধ করে।
বিক্ষোভে অংশ নেয়া বার্ডস গ্রুপের শ্রমিক বাবু বলেন, আমাদের ৩০ সেপ্টেম্বর সমস্ত পাওনাদি পরিশোধ করার কথা ছিল। এরমধ্যে তিন মাসের সময় নিয়ে তারা নোটিশ টানিয়ে দেয় যে পাওনাদি তিন মাস পর পরিশোধ করা হবে। আমাদের সাথে আলোচনা না করে কিভাবে মালিকপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নেয়? শ্রমিকদের কোন বেতন বাকি নেই, কিছু কর্মকর্তার বেতন বাকি থাকতে পারে। আমাদের সার্ভিস বেনিফিট, ছুটির টাকা, অন্য কোন বকেয়া থাকলে সেগুলো ৩০ সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল।
তিনি আরও বলেন, হঠাৎ করে রানিং ফ্যাক্টরি লে-অফের নোটিশ দিয়ে বন্ধ করে দেয়। এক বছর উপরে যাদের চাকরির বয়স তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, যাদের চাকরির বয়স এক বছরের কম তাদের কি কোন ক্ষতি হয়নি।
বার্ডস গ্রুপের কারখানাগুলো বাইপাইল বুড়ির বাজার এলাকায় অবস্থিত। এই কারখানাগুলো গত ২৮ ই আগস্ট থেকে লে-অফ ঘোষণা করে। পরে শ্রমিকরা লে অফে থাকতে রাজি না হলে পরবর্তীতে কারখানা ১২৪ (ক) ধারায় বন্ধ ঘোষণা করা হয়।
বার্ডস গ্রুপের শ্রমিকরা জানিয়েছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) শ্রমিকদের পাওনাদি পরিশোধের কথা ছিল। তবে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে দেখেন, কারখানা ফটকে পাওনাদি পরিশোধের সময়সীমা তিন মাস বৃদ্ধি সংক্রান্ত নোটিশ লাগিয়ে রেখেছে মালিকপক্ষ। রোববার (২৯ সেপ্টেম্বর) এ নোটিশ জারি করে বার্ডস গ্রুপ।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আইয়ুব আলী বলেন, গতকাল থেকে বাইপাইলে একই অবস্থা। সড়কে যান চলাচল বন্ধ। কোন বিকল্প ব্যবস্থাও নেই। এ্যাকশনে গেলেও তো অন্য সমস্যা। আমরা কি করতে পারি?
বিডি/এন



































