মোনাকোর অনুশীলনেই নতুন চোট, পগবার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

মোনাকোর অনুশীলনেই নতুন চোট, পগবার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৬, ১২ আগস্ট ২০২৬

মোনাকোর হয়ে নতুন মৌসুম শুরুর আগেই আবারও চোটে পড়েছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। ইংল্যান্ডে মোনাকোর অনুশীলন ক্যাম্পের প্রথম দিনেই বাঁ উরুতে চোট পেয়েছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা।

রোববার এক প্রীতি ম্যাচে লিভারপুলকে হারানোর পর ইংল্যান্ডের জাতীয় ফুটবল কেন্দ্র সেন্ট জর্জেস পার্কে অনুশীলন করছিল মোনাকো। সেখানেই চোট পান ৩৩ বছর বয়সী পগবা।

দীর্ঘদিন ডান হাঁটুর সমস্যায় ভোগার পর সম্প্রতি দলের সঙ্গে অনুশীলনে ফিরেছিলেন তিনি। প্রাক-মৌসুমে মোনাকোর হয়ে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে এক অর্ধ খেলেছেন এই ফরাসি মিডফিল্ডার।

বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, নতুন চোটের কারণে লিগ ওয়ানের নতুন মৌসুম শুরুর আগে প্রয়োজনীয় ফিটনেস ফিরে পেতে পগবার আরও বেশ কিছুটা সময় লাগতে পারে।

ফলে মোনাকোতে পগবার ভবিষ্যৎ নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর এবারও চোটে পড়ায় তাঁর ফিটনেস নিয়ে উদ্বেগ বাড়ছে।

ডোপিংয়ের দায়ে চার বছরের নিষেধাজ্ঞার ১৮ মাস কাটানোর পর গত মৌসুমে মোনাকোর হয়ে মাত্র ছয়টি লিগ ওয়ান ম্যাচ খেলেছিলেন পগবা। সব মিলিয়ে মাঠে ছিলেন মাত্র ১১৫ মিনিট

চোট ও নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ সময় ফুটবলের বাইরে থাকা পগবা এখন নতুন করে ক্যারিয়ার গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে মৌসুম শুরুর আগেই এই চোট তাঁর সেই প্রত্যাবর্তনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement