রেকর্ড বৃষ্টিপাতে জাপানের ইয়াকুশিমা শহরে ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা জারি
Published : ১৩:৪৯, ৫ সেপ্টেম্বর ২০২৬
রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের জেরে জাপানের কাগোশিমা প্রিফেকচারের ইয়াকুশিমা শহরে ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)। শনিবার (৫ সেপ্টেম্বর) এই ‘নজিরবিহীন’ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের জীবন তাৎক্ষণিক ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, বৃষ্টিপাতের মাত্রা এতই বেশি যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ইতোমধ্যেই বড় ধরনের দুর্যোগ ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। অবিরাম ঝড় ও ভারী বৃষ্টির কারণে বাসিন্দাদের অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত বাসিন্দাদের নির্ধারিত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে সময়মতো সেখানে পৌঁছানো ঝুঁকিপূর্ণ হলে, পাহাড়ের ঢাল ও নদী-নালা থেকে দূরে অবস্থিত তুলনামূলক নিরাপদ কোনো ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, বিশেষ সতর্কবার্তা বা আনুষ্ঠানিক নির্দেশের অপেক্ষায় না থেকে জীবন রক্ষার্থে যেকোনো মুহূর্তে স্বউদ্যোগে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে।

































