৭০০ কিমি দূর থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ, ৬ বিমানবন্দর বন্ধ ঘোষণা

৭০০ কিমি দূর থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ, ৬ বিমানবন্দর বন্ধ ঘোষণা ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৯:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২৬

সক্রিয় আগ্নেয়গিরি ‘মাউন্ট আনাক ক্রাকাতাউ’ থেকে নির্গত ভস্ম ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার আকাশে ছড়িয়ে পড়ায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে জনজীবনে। এর ফলে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কিছু বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আগ্নেয়গিরি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত সুকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ রোববার (৬ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে। এর জেরে শত শত যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা ‘অঙ্কাসা পুরা’ জানিয়েছে, ফ্লাইট স্থগিতের কারণে ৫৮টি আন্তর্জাতিক সার্ভিসসহ মোট ৩০১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সও রোববারের অবশিষ্ট সময়ের জন্য জাকার্তাগামী এবং জাকার্তা থেকে ছেড়ে যাওয়ার সব ফ্লাইট বাতিল করেছে।

ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী দুদি পুরওয়াগান্ধি জানিয়েছেন, বান্দুংয়ের হুসেইন শাস্ত্রনেগারা বিমানবন্দর এবং সুমাত্রার বান্দার লামপুংয়ের রাদেন ইন্তেন দ্বিতীয় বিমানবন্দরসহ মোট ছয়টি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া সেমারাং ও সুরাবায়ার বিমানবন্দরগুলোকে জরুরি অবতরণের বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। ভস্মের কারণে জাকার্তার বেশ কিছু স্কুল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এবং জেলেরা সমুদ্রে যাওয়া থেকে বিরত রয়েছেন।

আবহাওয়া সংস্থা বিএমকেজির তথ্য অনুযায়ী, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে আনাক ক্রাকাতাউয়ে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে লাভাস্রোতের পাশাপাশি বিকট বিস্ফোরণের শব্দ হয়, যা প্রায় ৭০০ কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছিল। সংস্থাটি জানায়, আগ্নেয়গিরির জাভা অংশে ৬ হাজার মিটার এবং সুমাত্রা ও বানতেন প্রদেশের কিছু এলাকায় ১৫ হাজার মিটার উচ্চতা পর্যন্ত ধোঁয়া ও ভস্মের বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুনঃ
Advertisement