ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: নিহত ২, আহত ২
Published : ১২:১৪, ৬ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।
এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের নিকটবর্তী ব্লাইথ এভিনিউ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফ্রেসনো ফায়ার বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় আহত দুই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
সংবাদ পেয়ে ফ্রেসনো পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, কাউন্টি শেরিফের কার্যালয় এবং নর্থ সেন্ট্রাল ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও জরুরি তৎপরতা চালান। এই দুর্ঘটনার জেরে পার্শ্ববর্তী এলাকার বিদ্যুৎ সরবরাহ সাময়িক বিঘ্নিত হয়। পরবর্তীতে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজিই) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
মার্কিন কর্তৃপক্ষ এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় প্রকাশ করেনি। দুর্ঘটনাটির নেপথ্যের কারণ উদঘাটনে ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

































