ইসরায়েলি নাগরিকদের জন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ সতর্কতা জারি

ইসরায়েলি নাগরিকদের জন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ সতর্কতা জারি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫৭, ৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বজুড়ে ইসরায়েলি নাগরিক ও পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠী ও বিভিন্ন ব্যক্তির হামলার উচ্চ আশঙ্কার কথা জানিয়ে কঠোর সতর্কতা জারি করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। ইহুদিদের আসন্ন পবিত্র দিনগুলোকে কেন্দ্র করে এই নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইরান, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের জেরে এই ঝুঁকির মাত্রা অনেক বেড়েছে। বিশেষ করে চলতি বছরের অক্টোবরে হামাসের হামলার তিন বছর পূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন দেশে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। এসব বিক্ষোভের মধ্যে কিছু কর্মসূচি ইসরায়েলিদের বিরুদ্ধে সহিংস রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ইসরায়েলি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে, হামাস ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলিদের লক্ষ্য করে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, ইয়েমেনের হুতিরাও আফ্রিকা মহাদেশে ইসরায়েলিদের ওপর হামলার পরিকল্পনার কথা জানিয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন দেশকে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ শ্রেণিতে ভাগ করেছে ইসরায়েল:

সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল: ইরানের আশপাশের দেশগুলোকে ইসরায়েলিদের জন্য সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আজারবাইজান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতকে বিশেষভাবে বিপজ্জনক বলা হয়েছে।

সতর্কতামূলক ও ত্যাগের নির্দেশ: জর্ডান, কাতার, সোমালিল্যান্ড এবং মিসর (সিনাই উপত্যকাসহ)—এসব দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করতে এবং বর্তমানে অবস্থানরতদের অবিলম্বে সরে যেতে বলা হয়েছে। এমনকি এসব দেশের বিমানবন্দরে বিমানের ট্রানজিট থাকলেও এয়ারপোর্ট না ছাড়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

আইনি নিষেধাজ্ঞা: ইরাক, কুর্দিস্তান, ইয়েমেন, ইরান, সিরিয়া, লেবানন এবং সৌদি আরবে ইসরায়েলিদের ভ্রমণ সম্পূর্ণ আইনগতভাবে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।

অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশ: বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া ও সোমালিয়াকেও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে। এই দেশগুলোতেও ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

  •  
শেয়ার করুনঃ
Advertisement