জাতিসংঘের ৮১তম সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসারের দায়িত্বে জাইমা রহমান
Published : ১৫:২৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের (OPGA) কর্মকর্তাদের তালিকায় তার নাম ও পদবি উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, জাইমা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে কাজ করছেন। তার নিয়োগ জাতিসংঘের বিদ্যমান নিয়ম ও নিয়োগপ্রক্রিয়া অনুসরণ করেই হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন, যাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি।
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানকে ‘Legal Officer-Bangladesh’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসের অধীনে দায়িত্ব পালন করবেন।
জাইমা রহমান একজন ব্যারিস্টার ও আইন ও নীতি বিষয়ে অভিজ্ঞ পেশাজীবী। তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন ও রাজনীতি বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টারি পেশায় কাজ করার যোগ্যতা অর্জন করেন। বাংলাদেশেও তিনি আইন পেশায় যুক্ত রয়েছেন।
যুক্তরাজ্যে তাঁর পেশাগত অভিজ্ঞতার মধ্যে আবাসন, জনকল্যাণ ও শ্রম আইন রয়েছে। এছাড়া স্বাস্থ্য, সামাজিক কল্যাণ ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন আইনি বিষয়ে তিনি কাজ করেছেন। বাংলাদেশে তিনি ‘সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর সঙ্গে কাজ করেছেন, যেখানে সাংবিধানিক, করপোরেট ও বাণিজ্যিক আইন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (PPP) এবং করসংক্রান্ত বিষয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে।
তিনি বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ‘সুরভী’র পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। সংস্থাটি সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে দায়িত্ব পালন করা অন্য বাংলাদেশিদের মধ্যে রয়েছেন কূটনীতিক আব্দুল আলিম, মোয়াজ্জেম হোসেন, মফিজুল ইসলাম, জাকির আহমেদ ও মো. রফিকুল আলম মোল্লা। তাঁদের মধ্যে মো. আব্দুল আলিম ডেপুটি শেফ দ্য কেবিনেট এবং মোয়াজ্জেম হোসেন অ্যাডভাইজার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
































