উপমহাদেশের সবচেয়ে আধুনিক গলফ বিনোদন কেন্দ্র: বসুন্ধরা সুপার গলফ

উপমহাদেশের সবচেয়ে আধুনিক গলফ বিনোদন কেন্দ্র: বসুন্ধরা সুপার গলফ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বসুন্ধরা সুপার গলফ। বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সানভীর বসুন্ধরা গ্রুপ (এসবিজি)-এর ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন তানভীর বসুন্ধরা গ্রুপ (টিবিজি)-এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং এসবিজির চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর। এছাড়াও বসুন্ধরা গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বসুন্ধরা সুপার গলফের হেড অব অপারেশনস রেজাউর রহমান খান জানান, প্রচলিত গলফ কোর্সে শট দেওয়ার পর বল খুঁজতে খেলোয়াড়দের মাঠের বিভিন্ন জায়গায় যেতে হয়। তবে বসুন্ধরা সুপার গলফে প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে এই ঝামেলা দূর করা হয়েছে।

এখানে শট নেওয়ার পর বলটি মাঠের নিচে থাকা স্বয়ংক্রিয় নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সংগ্রহস্থলে চলে যায়। সেখানে স্বয়ংক্রিয় মেশিনে বল পরিষ্কার হওয়ার পর পাইপলাইনের মাধ্যমে আবার খেলোয়াড়ের বে-এর টি-পয়েন্টে পৌঁছে যায়। ফলে খেলোয়াড়কে বল খোঁজা বা কুড়িয়ে আনার প্রয়োজন হয় না।

পুরো ব্যবস্থাটি হাই-টেক অটোমেশনের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির মূল দর্শন—‘More Than Golf’। অর্থাৎ এটি শুধু গলফ খেলার জায়গা নয়; পরিবার, বন্ধু কিংবা ব্যবসায়িক আড্ডার জন্যও একটি পূর্ণাঙ্গ বিনোদন ও সামাজিক যোগাযোগের কেন্দ্র।

৬৮ ডিলাক্স বে ও ১৭ ভিআইপি সুইট
বসুন্ধরা সুপার গলফে রয়েছে ৬৮টি ডিলাক্স বে। প্রথম ও দ্বিতীয় তলায় অবস্থিত প্রতিটি বে-তে একসঙ্গে সর্বোচ্চ ছয়জন খেলতে পারবেন। প্রতিটি বে-তে রয়েছে নিজস্ব ‘বে হোস্ট’ ও ‘বে রানার’, যারা খেলোয়াড়দের শট ও খাবার পরিবেশনের সেবা দেবেন।

সকাল ৬টা থেকে রাত ২টা পর্যন্ত তিনটি ধাপে—অফ-পিক লো, অফ-পিক মিড ও পিক—ঘণ্টাভিত্তিক খেলার সুযোগ রাখা হয়েছে।

তৃতীয় তলায় রয়েছে ১৭টি ভিআইপি সুইট। প্রতিটি সুইটে সর্বোচ্চ ১৬ জন সময় কাটাতে পারবেন। শীতাতপ নিয়ন্ত্রিত প্রাইভেট রুম, প্রেজেন্টেশন ও মিটিং সুবিধা, শাওয়ার রুম এবং প্রিমিয়াম ফুড সার্ভিসের কারণে এসব সুইট করপোরেট মিটিং ও প্রিমিয়াম গেট-টুগেদারের জন্য ব্যবহার করা যাবে।

ডিজিটাল অভিজ্ঞতা ও ইনডোর সিমুলেটর
স্মার্ট অ্যাপের মাধ্যমে খেলোয়াড়রা তাদের শট ডিজিটালি ট্র্যাক করতে পারবেন। নিজের সেরা শট রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার সুবিধাও রয়েছে।

চারটি অত্যাধুনিক ইনডোর সিমুলেটরের মাধ্যমে বিশ্বের ২০৭টি বিখ্যাত গলফ কোর্সে খেলার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী ‘সেন্ট অ্যান্ড্রুস’ কোর্সও রয়েছে। সিমুলেটরগুলোতে বিভিন্ন ধরনের ভূপ্রকৃতির অভিজ্ঞতার পাশাপাশি পাটিং প্রশিক্ষণের সুবিধাও রয়েছে।

গলফ শেখার জন্য কোচের অধীনে প্রশিক্ষণের আলাদা সিমুলেটর ব্যবস্থাও রাখা হয়েছে।

গলফের পাশাপাশি খাবার ও বিনোদন
বসুন্ধরা সুপার গলফে রয়েছে ‘নাইনটিনথ হোল’ রেস্টুরেন্ট। ইউরোপীয় গলফ সংস্কৃতিতে ১৮ হোল খেলার পর খেলোয়াড়দের আড্ডার ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে এ রেস্টুরেন্টের ধারণা তৈরি করা হয়েছে।

খাবারের জন্য রয়েছে ক্যাফে অ্যামাজন, টেরা চায়না—চাইনিজ ও জাপানিজ থিমের রেস্টুরেন্ট—এবং আরবান ক্রেভ।

এ ছাড়া তিনটি বিলিয়ার্ড বোর্ডসহ বিলিয়ার্ড রুম, ২ থেকে ১০ জনের জরুরি বৈঠকের জন্য পাঁচটি মিটিং রুম এবং সামাজিক অনুষ্ঠান ও মেহেদি সন্ধ্যার জন্য ব্যানকুইট হল রয়েছে।

শিশু ও পরিবারের জন্য বিশেষ আয়োজন
পরিবারের শিশুদের জন্য রয়েছে আলাদা কিডস ক্লাব। মোবাইল বা গেমের স্ক্রিনের বাইরে শিশুদের সামাজিক পরিবেশে সময় কাটানো, মেলামেশা এবং জন্মদিন উদযাপনের সুযোগ তৈরি করাই এর অন্যতম উদ্দেশ্য।

জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমপ্লেক্সে একটি মেডিকেল রুমও রয়েছে।

রয়েছে প্লাটিনাম ও প্লাটিনাম প্লাস মেম্বারশিপ
নিয়মিত গলফারদের জন্য বসুন্ধরা সুপার গলফে রয়েছে প্লাটিনাম ও প্লাটিনাম প্লাস মেম্বারশিপ। প্লাটিনাম মেম্বারশিপের বার্ষিক ফি ২ লাখ টাকা এবং প্লাটিনাম প্লাসের ফি ৫ লাখ টাকা।

মেম্বারশিপের আওতায় আনলিমিটেড প্লে, খাবার ও বিভিন্ন ইভেন্টে বিশেষ ছাড়সহ নানা সুবিধা রয়েছে। পাশাপাশি করপোরেট ও ফ্যামিলি প্যাকেজও রাখা হয়েছে।

বসুন্ধরা সুপার গলফের হেড অব অপারেশনস রেজাউর রহমান খান এবং বে অপারেশনস ম্যানেজার অরূপ ফেভিয়ান গমেজের মতে, প্রযুক্তি, স্পোর্টস ও আভিজাত্যের সমন্বয়ে কেন্দ্রটি সামাজিক যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গড়ে উঠতে পারে।

 
শেয়ার করুনঃ
Advertisement