পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে ভারতের স্বর্ণ
Published : ১৬:২৩, ৩ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটেও স্বর্ণপদক জিতেছে ভারত। শনিবার জাপানের নিশিনে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনার পদক নিশ্চিত করে ভারত। এর আগে একই আসরে নারীদের ক্রিকেটেও স্বর্ণ জিতেছিল ভারত।
ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। বৈভব সূর্যবংশী ১৫ এবং সাঞ্জু স্যামসন ২ রান করে ফিরলেও রানের গতি ধরে রাখেন অভিষেক। ৭ ছক্কা ও ৩ চারের সাহায্যে মাত্র ২৮ বলে ৬১ রান করেন তিনি।
মাঝের ওভারে কিছুটা ধীর হয়ে যায় ভারতের ইনিংস। টানা পাঁচ ওভারে কোনো বাউন্ডারি আসেনি। এ সময়ে শ্রেয়াস আয়ার ২৪ বলে ২১ এবং ইশান কিষান ১৮ বলে ২০ রান করেন।
তবে শেষ দিকে তিলক ভার্মা ও শিভাম দুবের ব্যাটে আবারও গতি পায় ভারতের ইনিংস। দুবে ১৫ বলে ২৭ রান করে আউট হন। অন্যদিকে তিলক মাত্র ২২ বলে ৪ ছক্কা ও ৩ চারে অপরাজিত ৫১ রান করে ভারতকে ২০ ওভারে ২১১ রানের বড় সংগ্রহ এনে দেন।
জবাবে শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। ৬.১ ওভারে মাত্র ৩৯ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর সাইম আয়ুব ও হাসান নেওয়াজ ৪৮ বলে ৮৭ রানের জুটি গড়ে ম্যাচে পাকিস্তানকে ফেরানোর চেষ্টা করেন।
সাইম ২২ বলে ২৯ রান করে ফিরে গেলেও হাসান নেওয়াজ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫১ বলে ৯৬ রান করেন এই ডানহাতি ব্যাটার। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৭টি ছক্কা।
তবে নেওয়াজের দুর্দান্ত লড়াইও পাকিস্তানকে জয়ের কাছে নিতে পারেনি। শেষ পর্যন্ত ১৯ রানে হেরে রুপার পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে। এশিয়ান গেমসে ক্রিকেটে এটিই তাদের এখন পর্যন্ত সেরা সাফল্য।
ফাইনালজুড়ে দুই দলের ক্রিকেটারদের মধ্যে হাত মেলানোও দেখা যায়নি।
































