হেলমান্দ-কুনারে পাকিস্তানের বিমান হামলা, হতাহত নিয়ে দুই দেশের ভিন্ন দাবি
Published : ১৩:০১, ১ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের হেলমান্দ ও কুনার প্রদেশে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। হামলার লক্ষ্য ও হতাহতের সংখ্যা নিয়ে দুই দেশের পক্ষ থেকে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুইটি স্থানে সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়। মন্ত্রণালয়ের দাবি, এসব হামলায় ২২ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন এবং অস্ত্র ও গোলাবারুদের মজুত ধ্বংস হয়েছে। পাকিস্তানের দাবি, হামলায় বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল।
অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, বুধবার গভীর রাতে হেলমান্দ ও কুনারে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়েছে। এতে নারী ও শিশুসহ নয়জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুজাহিদ হামলার নিন্দা জানিয়ে এটিকে আগ্রাসন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ে উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠীগুলো এবং তালেবান সরকার তাদের আশ্রয় দিচ্ছে। কাবুল এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সাম্প্রতিক বিমান হামলার হতাহতের বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তানের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


































