সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ফের বড় বিক্ষোভ, যোগ দিচ্ছেন মমতা

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ফের বড় বিক্ষোভ, যোগ দিচ্ছেন মমতা ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১০:৪৩, ৮ অক্টোবর ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বড় বিক্ষোভে নামছে বিরোধী জোট INDIA। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আয়োজিত এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলের আরও নেতার অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার দিল্লিতে বিক্ষোভ করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী নেতা ও সংসদ সদস্যকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এর পরদিনই আরও বড় পরিসরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বিরোধীরা।

বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উদ্যোগে আয়োজিত মধ্যাহ্নভোজের বৈঠকের পর বিরোধী দলগুলোর নেতারা সমন্বিতভাবে বিক্ষোভে যাওয়ার সিদ্ধান্ত নেন। সংসদ সদস্যদের নিয়ে যাওয়ার জন্য তিনটি বাসের ব্যবস্থা করা হয়েছিল। তবে দিল্লির অশোক রোড এলাকায় শাংগ্রি-লা হোটেলের কাছে পুলিশ বাসগুলো থামিয়ে দেয়। এরপর নেতারা সেখানেই অবস্থান নিয়ে সিইসির পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

পুলিশের বাধার কারণে যন্তর মন্তরে পৌঁছাতে না পারার পর কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়। এ ঘটনার পর বৃহস্পতিবার আরও বড় কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় INDIA জোট। এবারের বিক্ষোভে আগের তুলনায় বেশি সংখ্যক সংসদ সদস্য অংশ নেবেন বলে বিরোধী নেতারা জানিয়েছেন।

বিরোধীদের প্রধান অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনের নেওয়া ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা SIR প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিহারসহ বিভিন্ন এলাকায় ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ নিয়ে তারা আপত্তি জানিয়ে আসছে।

বিরোধী দলগুলোর দাবি, এই প্রক্রিয়ায় পর্যাপ্ত স্বচ্ছতা নেই এবং তাদের উদ্বেগ যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না। এ কারণেই তারা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে।

তবে নির্বাচন কমিশন বিরোধীদের অভিযোগের সঙ্গে একমত নয়। কমিশনের বক্তব্য অনুযায়ী, বহু সদস্যের নির্বাচন কমিশনে মতপার্থক্য থাকা স্বাভাবিক এবং চূড়ান্ত সিদ্ধান্তগুলো সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে।

এদিকে দিল্লিতে টানা বিক্ষোভকে কেন্দ্র করে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিরোধীদের কর্মসূচি ঘিরে রাজধানীতে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে।

শেয়ার করুনঃ
Advertisement