কে এই নেহা বোরা, যিনি ভারতের তরুণদের আন্দোলনের আলোচিত মুখ

কে এই নেহা বোরা, যিনি ভারতের তরুণদের আন্দোলনের আলোচিত মুখ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৬:৩৮, ৮ অক্টোবর ২০২৬

অনশন, বক্তৃতা, গান কিংবা ব্যারিকেড টপকে প্রতিবাদ—বিভিন্ন আন্দোলনে নেহা বোরার এমন দৃশ্যের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২৯ বছর বয়সী এই তরুণী এখন ভারতের শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনের অন্যতম পরিচিত মুখ।

নেহা বোরার পরিচয়ের বড় অংশজুড়ে রয়েছে ছাত্ররাজনীতি। তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) স্কুল অব আর্টস অ্যান্ড অ্যাস্থেটিকসের থিয়েটার ও পারফরম্যান্স বিষয়ে পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) জাতীয় সভাপতি।

২০২৬ সালের জুন-জুলাইয়ে ভারতে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষাব্যবস্থার নানা অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনের সময় নেহা ব্যাপক পরিচিতি পান। নয়াদিল্লির যন্তর মন্তরে তিনি টানা ২৩ দিন অনশন করেন। আন্দোলনের শেষ পর্যায়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি কর্মসূচি চালিয়ে যান। পরে বিরোধী দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অনুরোধে অনশন ভাঙেন তিনি।

অনশন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিভিন্ন পোস্টও আলোচনায় আসে। আন্দোলন, ক্ষুধা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক রসিকতা করেও তিনি সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতেন। আন্দোলনের সময় তিনি বলেছিলেন, শুধু একজন মন্ত্রীর পদত্যাগ নয়, শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার বৃহত্তর জবাবদিহি নিশ্চিত করাই তাঁদের দাবি।

নেহার রাজনৈতিক সক্রিয়তার শুরু অবশ্য আরও আগে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সামাজিক ও রাজনৈতিক বিষয়ভিত্তিক থিয়েটারে যুক্ত হন তিনি। পরে পারফরম্যান্স স্টাডিজে স্নাতকোত্তর করার পর জেএনইউতে থিয়েটার ও পারফরম্যান্স নিয়ে গবেষণা শুরু করেন। ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী আন্দোলনেও অংশ নেওয়ার কথা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

রাঁচিতে কালি নিক্ষেপ
আগস্টে ঝাড়খন্ডের রাঁচিতে সরকারি নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিয়েও আলোচনায় আসেন নেহা। ৭ আগস্ট বিধানসভা অভিমুখী মিছিলের সময় এক ব্যক্তি তাঁর মুখে কালি ছুড়ে মারেন। পরে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।

ঘটনার পর নেহা জানান, এ ধরনের ঘটনায় তিনি ভয় পাবেন না এবং শিক্ষার্থীদের দাবির পক্ষে কথা বলা চালিয়ে যাবেন। আন্দোলনকারীরা জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের তদন্ত, পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষার দাবিতে কর্মসূচি পালন করছিলেন।

যন্তর মন্তরে আবার আটক
সেপ্টেম্বরেও নেহা বোরাকে আটক করা হয়। ২৫ সেপ্টেম্বর দিল্লির যন্তর মন্তরের কাছে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) নিয়ে বিক্ষোভের সময় তাঁর সঙ্গে ৬০ জনের বেশি মানুষকে আটক করে পুলিশ। বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তুলেছিলেন।

পরবর্তীতে অক্টোবরেও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের বিক্ষোভে নেহা আবার আটক হন বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

নেহার ব্যক্তিগত জীবনেও রাজনৈতিক মতপার্থক্যের বিষয়টি আলোচনায় এসেছে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর পরিবারের রাজনৈতিক অবস্থানের সঙ্গে তাঁর বামপন্থী রাজনীতির পার্থক্য রয়েছে। তবে আন্দোলনের সময় তাঁর পরিবার থেকেও সমর্থন এসেছে বলে তিনি জানিয়েছেন।

থিয়েটার, গবেষণা ও ছাত্ররাজনীতিকে পাশাপাশি এগিয়ে নেওয়া নেহা বোরার সাম্প্রতিক কর্মকাণ্ড তাঁকে ভারতের ছাত্র আন্দোলনের দৃশ্যমান মুখগুলোর একজন করে তুলেছে। তাঁর বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক থাকলেও, ২০২৬ সালের একাধিক ছাত্র ও নাগরিক আন্দোলনে তাঁর সক্রিয় উপস্থিতি তাঁকে দেশটির আলোচিত তরুণ আন্দোলনকর্মীদের একজন হিসেবে সামনে এনেছে।

শেয়ার করুনঃ
Advertisement