নিউইয়র্কে ভবনধস, নিহত ২, আহত ১৭!

নিউইয়র্কে ভবনধস, নিহত ২, আহত ১৭! সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:০৮, ১২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ১ মিনিটে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ফ্ল্যাটবুশ ও বেডফোর্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে ভবনধসের খবর পায় নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই)। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন দমকলকর্মীরা।

এফডিএনওয়াই কমিশনার লিলিয়ান বনসিগনোর জানান, ভবনটির পাশের একটি নির্মাণাধীন স্থানে খননকাজ চলছিল। এ সময় তিনতলা ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে এবং নির্মাণস্থলে থাকা কয়েকজন আটকা পড়েন। একই ঘটনায় পাশের আরেকটি তিনতলা ভবনের দেয়ালও ভেঙে যায়। ফলে ওই ভবনের কয়েকটি অ্যাপার্টমেন্টের অভ্যন্তরীণ অংশ বাইরে থেকে দৃশ্যমান হয়ে পড়ে।

কমিশনারের দেওয়া তথ্য অনুযায়ী, আহত ১৭ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বাকি ১২ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আহতদের মধ্যে একজন দমকলকর্মীও আছেন, যিনি সামান্য আঘাত পেয়েছেন। এ ছাড়া আহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে। তবে নিহত দুজনের মধ্যে কোনো শিশু আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এ ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

উদ্ধারকারী কর্মকর্তারা অভিযানকে ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ হিসেবে বর্ণনা করেছেন। পরিস্থিতি বিবেচনায় মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা। এ পর্যন্ত স্ট্রেচারে করে অন্তত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন অন্তঃসত্ত্বা নারী। তার স্বামী সাংবাদিকদের জানিয়েছেন, তিনি খবর পেয়েছেন যে তার স্ত্রী জীবিত রয়েছেন।

শেয়ার করুনঃ
Advertisement