‘নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা, সহযোদ্ধা—পূর্ণশক্তি নিয়ে পাশে আছি’: আবিদুল ইসলাম খান
Published : ১১:১১, ১২ নভেম্বর ২০২৬
‘নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা, আমার বোন, আমাদের সহযোদ্ধা। আমরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে আছি’—এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
পোস্টে আবিদুল ইসলাম খান বলেন, জুলাইয়ের সামগ্রিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও লেখেন, যাদের হাতে হাজারো মানুষের রক্তের অভিযোগ রয়েছে, সেই ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে কোনোভাবেই সক্রিয় হতে দেওয়া হবে না। তাঁর ভাষায়, ‘যেখানেই ফ্যাসিস্ট শক্তির পদধ্বনি পাবেন, রুখে দাঁড়ান।’
পোস্টে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আবিদুল বলেন, দেশের হাজার হাজার মানুষ হত্যার পরও সংশ্লিষ্টদের মধ্যে অনুশোচনা নেই বলে তিনি মনে করেন। তিনি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানান।
পোস্টের শেষাংশে আবিদুল ইসলাম খান লেখেন, শেখ হাসিনা ও তাঁর সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সারা দেশে ফ্যাসিবাদবিরোধী শক্ত অবস্থান গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই দলের কাউকে বাংলাদেশে পুনরুত্থিত হতে দেওয়া হবে না।


































