পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ডিএসপি-এসআইসহ ১১ জন নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ডিএসপি-এসআইসহ ১১ জন নিহত ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১২:০১, ১২ নভেম্বর ২০২৬

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশের একটি দলের ওপর সন্ত্রাসী হামলায় ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ও উপপরিদর্শকসহ (এসআই) ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হামলাকারীরা পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বুধবার (১১ নভেম্বর) কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নোমান জেব এ তথ্য জানান।

তিনি জানান, কোহাটের গামবাত এলাকায় অবৈধভাবে সোনা উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাচ্ছিল পুলিশের একটি দল। পথে কোহাট ও কারাকের মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদন অনুযায়ী, পাহাড়ের ওপর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। নিহতদের মধ্যে গামবাতের ডিএসপি হায়দার জামান ও এসআই মুখতিয়ার রয়েছেন বলে নিশ্চিত করেছেন কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নোমান জেব।

তিনি আরও জানান, হামলাকারীরা গুলি চালাতে থাকলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক গোলাগুলি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

হামলার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এদিকে, কোহাটের গামবাত তহসিলে হামলার ঘটনায় জেলা সদর হাসপাতাল টিচিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে।

শেয়ার করুনঃ
Advertisement