ইউরোপেও মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের!
Published : ১১:২২, ১২ নভেম্বর ২০২৬
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় ব্যবহার করা হলে ইউরোপসহ মধ্যপ্রাচ্যের বাইরের বিভিন্ন অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি। তাঁর বক্তব্য, ইরানে হামলার কাজে ব্যবহৃত যেকোনো মার্কিন সামরিক স্থাপনাই ইরানের পাল্টা আক্রমণের লক্ষ্য হতে পারে।
বুধবার লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি এ হুঁশিয়ারি দেন। তেহরানে ধারণ করা ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপের কোনো দেশ কিংবা বিশ্বের অন্য কোনো দূরবর্তী অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে বিমান উড্ডয়ন করে ইরানে বোমা হামলা চালালে সংশ্লিষ্ট ঘাঁটিতেও পাল্টা আঘাত হানবে তেহরান।
রেজায়ি আরও জানান, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে সামরিক অভিযান শুরু করলে এবার আগের তুলনায় আরও দূরের মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এমন কিছু স্থাপনাও এ তালিকায় থাকবে, যেখানে ইরান এখন পর্যন্ত কোনো হামলা চালায়নি। তবে সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর নির্দিষ্ট নাম প্রকাশ করেননি তিনি।
ইরানের এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, এমন কিছু দ্বীপেও আক্রমণ চালানোর সক্ষমতা রয়েছে তেহরানের, যেগুলোকে যুক্তরাষ্ট্র নিজেদের ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে বলে মনে করে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সূচনা হয়। ওই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাকে তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়ে।
যুদ্ধ বন্ধে বর্তমানে কাতার ও পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা চলছে। তবে হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকটি শর্ত পূরণের দাবি জানিয়ে আসছে ইরান। এর মধ্যে রয়েছে বিদেশে জব্দ করা ইরানের সম্পদ ফেরত দেওয়া এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। যুদ্ধ শুরুর পর থেকেই গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথটি অবরুদ্ধ রেখেছে তেহরান।
অন্যদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচিকে যুদ্ধ শুরুর অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে রেজায়ির দাবি, পারমাণবিক ইস্যুটি বর্তমানে আলোচনার বিষয়বস্তুর মধ্যে নেই। তিনি জানান, তেহরান ইতোমধ্যে কয়েকটি চূড়ান্ত শর্ত নির্ধারণ করেছে। এর মধ্যে অন্যতম হলো, সমৃদ্ধ ইউরেনিয়ামের সামান্য অংশও ইরানের বাইরে পাঠানো হবে না।
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উত্তেজনার অন্যতম কারণ। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সাধারণত প্রয়োজনীয় ৯০ শতাংশ সমৃদ্ধকরণের মাত্রার তুলনায় এই মজুতের ঘনত্ব বেশ কাছাকাছি।
এদিকে, মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের অর্থনীতিকে দুর্বল করার প্রচেষ্টা সফল হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এ পরিস্থিতিতে দেশটির ওপর নতুন করে সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই।
সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার বিষয়ে ওয়াশিংটনের হুমকি কিছুটা কমেছে বলে মনে হচ্ছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়েরও আংশিক প্রভাব রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।































