ঠিকাদারের উপহার নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ৫ শতাংশ ভুল: ইশরাক হোসেন
Published : ১১:১৮, ১২ নভেম্বর ২০২৬
ঠিকাদারের দেওয়া উপহারকে ঘুষের বাইরে রাখার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, প্রতিমন্ত্রীর বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও ৫ শতাংশ ভুল হয়েছে। উপহার হিসেবে দেওয়া হলেও ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, সরকার বা দল এ ধরনের বক্তব্যকে সমর্থন করে না।
বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
পোস্টে তিনি লেখেন, ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য পুরোটা শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক বলেছেন। জনগণের ট্যাক্সের টাকায় নির্মাণকাজের গুণগত মানের বিষয়ে তার বক্তব্য ঠিক ছিল। শুধু ৫ শতাংশ ভুল করে ফেলেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।’
ইশরাক আরও লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, তবে প্রধানমন্ত্রী ও সরকার এ ধরনের বক্তব্য সমর্থন করে না। তাই বিষয়টি গণমাধ্যমে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য হিসেবে প্রচার করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঠিকাদার নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের পর্যায়ে পড়ে না।
নবীন প্রকৌশলীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ঠিকাদার নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে প্রকৌশলীকে উপহার দিলে সেটি ঘুষ হিসেবে গণ্য হবে না এবং তা গ্রহণ করা যেতে পারে। তবে কাজের গুণগত মান খারাপ করে অর্থ সাশ্রয়ের মাধ্যমে সেই অর্থ ভাগাভাগি করা যাবে না বলে সতর্ক করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, এলজিইডির চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। প্রকৌশলীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।


































