অভিবাসন অভিযান কিছু ক্ষেত্রে অতিরিক্ত কঠোর হয়েছে, স্বীকার করলেন ট্রাম্প
Published : ১২:৫০, ১০ নভেম্বর ২০২৬
নিজের প্রশাসনের কঠোর অভিবাসননীতির কিছু দিক পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র থেকে অনিবন্ধিত অভিবাসীদের বহিষ্কারের অভিযান কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত কঠোর হয়ে পড়েছে।
সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অভিবাসননীতি তাঁর দলকে রাজনৈতিকভাবে যেমন সুবিধা দিয়েছে, তেমনি কিছু ক্ষেত্রে ক্ষতির কারণও হয়েছে।
সীমান্ত নিরাপত্তা জোরদারের পদক্ষেপকে নিজের প্রশাসনের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন ট্রাম্প। তাঁর দাবি, অপরাধীদের বহিষ্কার এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে সরকার ভালো কাজ করেছে।
তবে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করছেন—এমন অনেক অভিবাসীকে বহিষ্কারের বিষয়টি নিয়ে অস্বস্তি প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, হোটেল, রেস্তোরাঁ, পরিচ্ছন্নতা ও বাগান পরিচর্যার মতো কাজে নিয়োজিত অনেক অভিবাসী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখছেন। তাঁদের অপরাধ শুধু বৈধ কাগজপত্র ছাড়া দেশটিতে প্রবেশ করা।
এ ধরনের অভিবাসীদের সবাইকে বহিষ্কারের নীতি নিয়ে মার্কিন সমাজে মতভিন্নতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে তিনি আগ্রহী। বিশেষ করে যাঁরা ১০ থেকে ১৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করছেন, তাঁদের জন্য একটি গ্রহণযোগ্য ব্যবস্থা তৈরির সম্ভাবনার কথা বলেন তিনি।
মধ্যবর্তী নির্বাচনে অভিবাসননীতি রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ নেতিবাচক ইস্যু হয়ে ওঠে। সিবিএস নিউজের বুথফেরত জরিপেও অভিবাসীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান নিয়ে ভোটারদের অসন্তোষের চিত্র উঠে এসেছে।
তবে ট্রাম্পের এই বক্তব্যের ফলে প্রশাসনের অভিবাসননীতিতে বাস্তবে কতটা পরিবর্তন আসবে, তা এখনো স্পষ্ট নয়।

































