ইরানযুদ্ধের সমর্থকদের ভোট দিতে অনাগ্রহী অধিকাংশ মার্কিন ভোটার

ইরানযুদ্ধের সমর্থকদের ভোট দিতে অনাগ্রহী অধিকাংশ মার্কিন ভোটার ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:০৬, ১০ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে সমর্থন দেওয়া প্রার্থীদের ভোট দিতে আগ্রহী নন অধিকাংশ মার্কিন ভোটার। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে পরিচালিত এক জরিপে দেখা গেছে, যুদ্ধের পক্ষে থাকা প্রার্থীদের ভোট দেওয়ার চেয়ে তাদের ভোট না দেওয়ার প্রবণতা তিন গুণেরও বেশি। একই সঙ্গে ইরানে সামরিক লক্ষ্য অর্জনের চেয়ে যুক্তরাষ্ট্রে পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকানোকে বেশি গুরুত্ব দিতে চান অধিকাংশ ভোটার।

আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত ইউগভের জরিপে দেখা গেছে, ইরানযুদ্ধের পক্ষে থাকা প্রার্থীদের ভোট দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ৪৪ শতাংশ মার্কিন ভোটার। বিপরীতে, মাত্র ১৩ শতাংশ জানিয়েছেন, এমন প্রার্থীদের ভোট দেওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া প্রার্থীদের সমর্থন করার চেয়ে তাদের ভোট না দেওয়ার প্রবণতা তিন গুণেরও বেশি। এ ছাড়া ২৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, ইরানযুদ্ধ তাদের ভোটের সিদ্ধান্তে তেমন কোনো প্রভাব ফেলবে না।

জরিপে যুদ্ধের অর্থনৈতিক প্রভাবও গুরুত্ব পেয়েছে। এতে অংশ নেওয়া ৫৬ শতাংশ মনে করেন, ইরানে ট্রাম্প প্রশাসনের সামরিক লক্ষ্য অর্জনের চেয়ে যুক্তরাষ্ট্রে পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকানোকে অগ্রাধিকার দেওয়া উচিত। অন্যদিকে ২২ শতাংশ উত্তরদাতা সামরিক লক্ষ্য অর্জনকে বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

যুদ্ধের সমাপ্তি ঘোষণার সিদ্ধান্ত কার হাতে থাকা উচিত, সে বিষয়েও ভোটারদের মতামত নেওয়া হয়। এ ক্ষেত্রে ৫৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুদ্ধ শেষ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কংগ্রেসের থাকা উচিত। বিপরীতে, ২৯ শতাংশ মনে করেন, এ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্টের হাতে থাকা উচিত।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রে সাংবিধানিক বিতর্ক তৈরি হয়েছে।

ইউরেশিয়া গ্রুপের ইনস্টিটিউট ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রোগ্রাম ডিরেক্টর জোনাথন গায়ার আল-জাজিরাকে বলেন, জরিপের ফলাফল থেকে স্পষ্ট যে মার্কিন জনগণ ইরানযুদ্ধের বিষয়ে কংগ্রেসের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছে। প্রেসিডেন্টের একতরফা সামরিক সিদ্ধান্তের ক্ষেত্রে আইনপ্রণেতাদের আরও জোরালো অবস্থান নেওয়া উচিত বলে মনে করছেন তারা।

এর আগে ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের নির্বাচনী ধাক্কা খায়। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পায় ডেমোক্র্যাটরা। এমনকি টেক্সাসের মতো ঐতিহ্যগতভাবে রক্ষণশীল অঙ্গরাজ্যেও গুরুত্বপূর্ণ নির্বাচনী পদে জয় পেয়েছে দলটি।

নির্বাচনের পর ইরানযুদ্ধ নিয়ে দুই দলের মধ্যেই বিতর্ক আরও জোরালো হয়েছে। ডেমোক্র্যাটদের একাংশ মনে করছে, প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ন্ত্রণ এবং ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে দলটির নেতৃত্বকে আরও কঠোর অবস্থান নিতে হবে।

জরিপে দেখা গেছে, রিপাবলিকান ভোটারদের মধ্যেই কেবল যুদ্ধের পক্ষে থাকা প্রার্থীদের সমর্থন করার প্রবণতা তুলনামূলক বেশি। তবে গায়ারের মতে, দলটির মধ্যেও এ সমর্থন সীমিত। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় এক-তৃতীয়াংশ রিপাবলিকান যুদ্ধের পক্ষে থাকা প্রার্থীদের ভোট দিতে বেশি আগ্রহী। অন্যদিকে ৪০ শতাংশের কাছে প্রার্থীর এ অবস্থান ভোট দেওয়ার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলে না।

জরিপটি ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১ হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের মধ্যে পরিচালিত হয়। ইউরেশিয়া গ্রুপের ইনস্টিটিউট ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের উদ্যোগে ইউগভ জরিপটি পরিচালনা করে। জরিপের নমুনার ভিত্তিতে ত্রুটির সীমা ছিল ৩ দশমিক ৪ শতাংশ পয়েন্ট।

শেয়ার করুনঃ
Advertisement