২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট

২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ২০:৪৭, ২৫ নভেম্বর ২০২৬

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ইউনিটটির উৎপাদন বন্ধ হবে। আগামী ১৮ ডিসেম্বর এটি আবার উৎপাদনে ফিরবে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আদানি পাওয়ার জানায়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় আগে থেকেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। বন্ধ থাকার সময়ে ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সেবা এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।

কয়লাভিত্তিক গোড্ডা বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। এর প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ৮০০ মেগাওয়াট। তবে বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুযায়ী, বাংলাদেশে কেন্দ্রটি থেকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে।

২০১৭ সালের নভেম্বরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি করে। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ২ বিলিয়ন ডলার ব্যয়ে কেন্দ্রটি নির্মাণ করে আদানি। ২০২৩ সালের ৯ মার্চ কেন্দ্রটির প্রথম ইউনিট জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

শীত মৌসুম শুরু হওয়ায় বিদ্যুতের চাহিদা কমে এসেছে। এ পরিস্থিতিতে ইউনিটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৫ দিনে ভারত থেকে বিদ্যুৎ আমদানি অক্টোবরের একই সময়ের তুলনায় প্রায় ৩৭ শতাংশ বেড়েছে। যদিও এ সময়ে বিদ্যুতের চাহিদা ও দেশের অভ্যন্তরীণ উৎপাদন কমেছে।

এনএলডিসির পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে ভারত থেকে দৈনিক গড়ে ৩৩ দশমিক ৬ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ আমদানি করা হয়েছে। নভেম্বরে এ পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৬ মিলিয়ন ইউনিটে।

গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময়ে আদানি থেকে বাংলাদেশে ১ হাজার ৪৩০ দশমিক ০৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। ইউনিটটি বন্ধ হওয়ার পর ১০ সেপ্টেম্বর সরবরাহ কমে ৬৯১ দশমিক ৪৪ মেগাওয়াটে নেমে আসে।

শেয়ার করুনঃ
Advertisement