ঢাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, তবে এই মুহূর্তে ডেঙ্গুর পরিস্থিতি উদ্বেগের কারণ নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান।
শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর শনির আখড়ায় পরিচালিত বিশেষ পরিছন্নতা অভিযানের সময় তিনি এ কথা জানান। প্রশাসক বলেন, এডিস লার্ভা প্রতিরোধে শুধুমাত্র জরিমানা কোনো কার্যকর সমাধান নয়, বরং জনসচেতনতা সৃষ্টি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লার্ভা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে।
এদিন অভিযানে অংশ নিয়েছেন প্রায় ৪০০ পরিছন্নতাকর্মী, যারা শনির আখড়া এলাকার বিভিন্ন স্থান পরিষ্কার করেছেন। তিনি আরও জানান, দক্ষিণ সিটি করপোরেশনের খাল ও নর্দমাগুলো নিয়মিত পরিস্কার করে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে, যাতে ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি কমানো যায়।































