ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতিতে এগোচ্ছে বাংলাদেশ, শান্তিরক্ষীদের অবদান বিশ্বে প্রশংসিত: শামা ওবায়েদ
Published : ১৩:৩০, ১০ জুন ২০২৬
বাংলাদেশ সরকার ভারসাম্যপূর্ণ ও বাস্তবমুখী পররাষ্ট্র নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই সঙ্গে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
বুধবার (১০ জুন) রাজধানীর সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা পালন করে চলেছেন। তাদের আত্মত্যাগ ও পেশাদারিত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
তিনি আরও বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের শান্তিরক্ষীদের কর্মকাণ্ডের উচ্চ প্রশংসা করেছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাদের অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শামা ওবায়েদ জানান, শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে নারীদের আরও বেশি সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।



























