ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উদ্ধার অভিযানে গিয়ে রিলিফ ট্রেনও দুর্ঘটনায়
Published : ১৩:০৬, ১০ জুন ২০২৬
ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন উদ্ধারকাজে অংশ নেওয়া রেলওয়ের একটি রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি কলেজ রোড এলাকায় পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের ভোগান্তি দেখা দেয়।
ঘটনার খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে লাইনচ্যুত বগি উদ্ধারের সময় ময়মনসিংহ স্টেশনের আউটার এলাকায় একটি রিলিফ ট্রেনও লাইনচ্যুত হলে উদ্ধার অভিযান কিছুটা বাধাগ্রস্ত হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং রেল যোগাযোগ দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। তবে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।

































