জেলা পরিষদগুলোর উন্নয়নে ১৭৭.৮ কোটি টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন
Published : ১৪:১৫, ১০ জুন ২০২৬
স্থানীয় পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে দেশের ৬১টি জেলা পরিষদের জন্য মোট ১৭৭ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাত থেকে এ অর্থ এককালীন অবমুক্ত করেছে।
গত ২ জুন স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা এক আদেশে বলা হয়, বরাদ্দকৃত অর্থ জেলা পরিষদগুলো নিজ নিজ এলাকার উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করতে পারবে। জেলার উন্নয়ন চাহিদা অনুযায়ী অধিকাংশ জেলা পরিষদকে ২ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা এবং কয়েকটি জেলা পরিষদকে ২ কোটি ৯১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দপ্রাপ্ত জেলার মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, গাজীপুর, যশোর, বগুড়া, দিনাজপুর, সাতক্ষীরা, ভোলা, ঠাকুরগাঁওসহ দেশের ৬১টি জেলা পরিষদ।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ অর্থ সড়ক, সেতু-কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন, পানি ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জেলা পরিষদের নিজস্ব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতাও বাড়াবে।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, সরকারি ক্রয় বিধিমালা, জেলা পরিষদ এডিপি বরাদ্দ ব্যবহার নির্দেশিকা এবং প্রচলিত আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের মতে, এই বিশেষ বরাদ্দ জেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় অর্থনীতির গতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে।



























