হামের বিস্তার ঠেকাতে ইউনিসেফ থেকে টিকা কিনবে সরকার, অনুমোদন ৪১২ কোটি টাকার
Published : ১৭:২৩, ১০ জুন ২০২৬
দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে ইউনিসেফের কাছ থেকে টিকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি অর্থবছরের প্রয়োজনীয় টিকা কেনার জন্য ৪১২ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা সংগ্রহের প্রস্তাব অনুমোদন করা হয় বলে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৫৩৯ জনের মৃত্যু হয়েছে। ফলে গত তিন মাসে হাম ও এর সংশ্লিষ্ট উপসর্গে মোট ৬৩১ জনের প্রাণহানি ঘটেছে।
এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৬৬ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।
টিকা সংকট নিয়ে এর আগে ইউনিসেফ একাধিকবার সতর্কবার্তা দিয়েছিল। ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানিয়েছিলেন, টিকার সম্ভাব্য ঘাটতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছিল এবং এ বিষয়ে বেশ কয়েকটি চিঠি ও বৈঠকের মাধ্যমে উদ্বেগ জানানো হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সাল পর্যন্ত ইউনিসেফের মাধ্যমে সরাসরি টিকা সংগ্রহ করা হলেও ২০২৫ সালে এ প্রক্রিয়া পরিবর্তন করে উন্মুক্ত দরপত্রের আওতায় আনা হয়। সাম্প্রতিক পরিস্থিতিতে আবারও সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হলো।
এদিকে একই বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে পুলিশের জন্য ২১২টি ডাবল-কেবিন পিকআপ ক্রয় এবং সার, গ্যাসোলিন ও ফার্নেস অয়েল সংগ্রহের বিভিন্ন প্রস্তাবও অনুমোদন পেয়েছে।



























