নির্বাচনী দায়িত্বে নিহত হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন অনুদান নীতিমালা জারি

নির্বাচনী দায়িত্বে নিহত হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন অনুদান নীতিমালা জারি নির্বাচন কমিশন ভবন, ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪৬, ১০ জুন ২০২৬

নির্বাচন ও ভোটার তালিকা কার্যক্রমে দায়িত্ব পালনকালে দুর্ঘটনা, হামলা বা অসুস্থতার শিকার হওয়া কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন অনুদান নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধান অনুযায়ী, দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে।

বুধবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ সংক্রান্ত নীতিমালার তথ্য প্রকাশ করেন। ইসির উপ-সচিব রাশেদুল ইসলামের স্বাক্ষরিত নীতিমালায় বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির জন্য অনুদানের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, দায়িত্ব পালনকালে দুর্ঘটনা বা হামলার কারণে মৃত্যুর ঘটনায় পরিবারকে সর্বোচ্চ ১০ লাখ টাকা দেওয়া হবে। গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে সর্বোচ্চ ৪ লাখ টাকা, সাময়িক অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ টাকা এবং সাধারণ আহতের ঘটনায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে।

এছাড়া, দায়িত্ব পালনকালে আকস্মিক অসুস্থতায় মৃত্যুবরণ করলে সর্বোচ্চ ৬ লাখ টাকা অনুদান দেওয়ার বিধান রাখা হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাময়িক অসুস্থতার জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা পাওয়া যাবে।

চিকিৎসা সহায়তার ক্ষেত্রেও নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। দায়িত্ব পালনরত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা নিতে হলে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসার জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।

অনুদান পেতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কমিটির যাচাই-বাছাই ও সুপারিশের পর নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে অর্থ প্রদান করা হবে।

ইসি কর্মকর্তাদের মতে, নতুন নীতিমালার ফলে অনুদান প্রদান ও অর্থ বণ্টন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং ভবিষ্যতে প্রশাসনিক জটিলতা কমবে।

শেয়ার করুনঃ
Advertisement