সম্প্রচারস্বত্ব বিক্রিতেই উঠে এসেছে ব্যয়, স্বল্প খরচে বিটিভিতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সম্প্রচারস্বত্ব বিক্রিতেই উঠে এসেছে ব্যয়, স্বল্প খরচে বিটিভিতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১৬, ১০ জুন ২০২৬

আসন্ন ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের জন্য আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)-এর সঙ্গে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্প্রচারস্বত্ব ও বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে চুক্তির প্রায় পুরো ব্যয় ইতোমধ্যে আদায় করা সম্ভব হয়েছে। ফলে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অত্যন্ত স্বল্প ব্যয়ে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, স্বচ্ছতা ও বিদ্যমান নীতিমালার আলোকে ফিফার সঙ্গে চূড়ান্ত চুক্তির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩.৮৫ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর মূল্য প্রায় ৪৭ কোটি ২৫ লাখ টাকা। ভ্যাট ও আয়কর যুক্ত হলে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৬৩ কোটি ৮০ লাখ টাকা।

তিনি আরও জানান, টেলিযোগাযোগ অপারেটর, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোর কাছে সম্প্রচারস্বত্ব ও বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে অধিকাংশ অর্থ সংগ্রহ করা হয়েছে। ফলে সরকারি সম্প্রচার মাধ্যম বিটিভির ওপর উল্লেখযোগ্য আর্থিক চাপ পড়বে না।

ইয়াসের খান চৌধুরী বলেন, দেশের দর্শকদের জন্য বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত করতে সরকার সাশ্রয়ী ও যৌক্তিক ব্যয়ে চুক্তি সম্পাদনের উদ্যোগ নিয়েছে এবং সেই লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement