স্বর্ণবাজারে বড় ধাক্কা: এক সপ্তাহে দ্বিতীয়বার দাম কমলো
Published : ১২:৪৭, ১০ জুন ২০২৬
ঢাকা, ১০ জুন: দেশের স্বর্ণবাজারে ক্রেতাদের জন্য এলো স্বস্তির খবর। টানা মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাফে ৬ হাজার ৫৯১ টাকা কমানো হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংশোধিত মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৬ জুনও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের স্বর্ণবাজারে ৭২ বার মূল্য সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বৃদ্ধি এবং ৩৫ বার দাম হ্রাস পেয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রবণতা ও স্থানীয় কাঁচা স্বর্ণের দামের ওঠানামা আগামী দিনগুলোতেও স্বর্ণের দামে প্রভাব ফেলতে পারে।


































