গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:২৪, ২৫ জুলাই ২০২৬

গুরুতর স্বাস্থ্যগত জটিলতার কারণে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি আজ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে সংবিধান অনুযায়ী স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, বিকেল ৫টা ০১ মিনিটে স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন যে তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এছাড়া তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তাঁর Autonomic Neuropathy রোগ ধরা পড়েছে, যার ফলে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন।

রাষ্ট্রপতি লিখেছেন, এসব শারীরিক ও মানসিক জটিলতার কারণে তাঁর পক্ষে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না এবং তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন।

সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 
শেয়ার করুনঃ
Advertisement