আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
Published : ১১:০৭, ২৩ জুলাই ২০২৬
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হয়েছে।
নূরতাজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মো. সেলিম শেখের উদ্যোগে পরিচালিত ‘ক্লিন টংগিবাড়ী, গ্রিন টংগিবাড়ী’ কর্মসূচির আওতায় বুধবার এ চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ এবং সবুজায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, ‘ক্লিন টংগিবাড়ী, গ্রিন টংগিবাড়ী’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন, সবুজ টংগিবাড়ী গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

































