ভোক্তার আস্থা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাস ফুডের বিশেষ উদ্যোগ
Published : ২১:৩৮, ২৩ জুলাই ২০২৬
ভোক্তার আস্থা আরও সুদৃঢ় করা এবং পণ্য ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে খাস ফুড লিমিটেড। এ লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং উত্তম ভোক্তা-সেবা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২২ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে খাস ফুডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক (মেট্রো-১) মো. আব্দুল জব্বার মণ্ডল এবং সহকারী পরিচালক (প্রশিক্ষণ) তাহমিনা বেগম প্রশিক্ষণ পরিচালনা করেন।
অনুষ্ঠানে খাস ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল মোস্তফাসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে বাস্তব কেস স্টাডি, প্রশ্নোত্তর পর্ব এবং মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য, অভিযোগ ব্যবস্থাপনা এবং মানসম্মত গ্রাহকসেবা বিষয়ে ব্যবহারিক ধারণা লাভ করেন।
সহকারী পরিচালক তাহমিনা বেগম ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর গুরুত্বপূর্ণ ধারা, আইনের প্রয়োগ, ভোক্তার অধিকার এবং ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, “গ্রাহকের সন্তুষ্টি অর্জনে নৈতিকতা, স্বচ্ছতা এবং সদাচরণের কোনো বিকল্প নেই।” তিনি ব্যবসা প্রতিষ্ঠানের আইনগত ও নৈতিক দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি অভিযোগ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
উপপরিচালক বিকাশ চন্দ্র দাস ভোক্তার অধিকার রক্ষায় এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য খাস ফুডকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “একটি ব্র্যান্ডের সবচেয়ে বড় শক্তি হলো পণ্যের গুণগত মান এবং ভোক্তার সন্তুষ্টি।” তিনি প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীকে ভোক্তার অধিকার রক্ষায় আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
খাস ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল মোস্তফা বলেন, “নিরাপদ খাদ্য সরবরাহের পাশাপাশি ভোক্তার অধিকার সংরক্ষণকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন কাজে প্রতিফলিত হবে এবং গ্রাহকের আস্থা আরও শক্তিশালী করতে সহায়তা করবে।”
উল্লেখ্য, নিরাপদ খাদ্য সরবরাহে খাস ফুড লিমিটেড গত ১১ বছর ধরে দেশের লাখো গ্রাহকের আস্থা অর্জন করে আসছে।

































