২১ দিনে দেশে এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকার রেমিট্যান্স

২১ দিনে দেশে এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকার রেমিট্যান্স

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৪৩, ২৩ জুলাই ২০২৬

চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে  ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু ২১ জুলাই একদিনেই দেশে এসেছে ৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যার পরিমাণ দেশীয় মুদ্রায় প্রায় ৯৫৯ কোটি ৪০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ২৩ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন প্রণোদনা ও উদ্যোগের ফলে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে এবং আমদানি ব্যয় মেটানো ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।

প্রবাসী আয়ের ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ার পাশাপাশি আর্থিক খাতে আরও স্বস্তি ফিরে আসবে।

 
শেয়ার করুনঃ
Advertisement