প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল
Published : ১১:২৫, ২৩ জুলাই ২০২৬
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) বিশেষ সুবিধার মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নিরবচ্ছিন্নভাবে চালু রাখা এবং জনস্বার্থ বিবেচনায় পূর্বে জারি করা আদেশের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।
এর ফলে বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিকের পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা সংশোধিত তথ্যের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে নতুন পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর জন্য আবেদন করতে পারবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের ৮ জুলাই জারি করা আদেশের মেয়াদ ৩০ জুন ২০২৬ পর্যন্ত ছিল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনটি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সময়সীমা বৃদ্ধির ফলে যেসব প্রবাসী নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্টের তথ্য সংশোধনের আবেদন করতে পারেননি, তারা এখন নতুন সময়সীমার মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন। এতে প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ হবে এবং বৈধ ভ্রমণ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সুবিধা বাড়বে।

































