স্বৈরাচারী শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে
Published : ১৯:২৫, ৫ আগস্ট ২০২৬
বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে বিনা বিচারে ‘ক্রসফায়ার’-এর নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে এবং বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আবৃত্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, সে সময়ে ৭০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের স্বজনদের অনেকেই আজও প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। কেউ কেউ এখনও তাহাজ্জুদের নামাজ পড়ে নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন।
বক্তব্যে আইনমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের একটি উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি জানতে পারেন, বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির অঙ্গনে আবৃত্তির কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা মূল্যায়ন ছিল না।
তিনি জানান, এ পরিস্থিতি পরিবর্তনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে নাচ ও গানের মতো আবৃত্তিকেও দেশের শিল্প-সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ও স্বীকৃত মাধ্যম হিসেবে প্রাতিষ্ঠানিক মর্যাদা দেওয়া হয়েছে।






























