দুই দিনের সফরে ঢাকায় আসছে ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল

দুই দিনের সফরে ঢাকায় আসছে ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫৮, ১৭ আগস্ট ২০২৬

দুই দিনের সফরে ঢাকায় আসছে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার (১৭ আগস্ট) থেকে মঙ্গলবার (১৮ আগস্ট) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তারা।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও সিআইআই সূত্রে জানা গেছে, ভারতীয় প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে একটি অগ্রবর্তী দল ইতোমধ্যে ঢাকায় এসে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।

সফরকালে প্রতিনিধিদলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবে। পাশাপাশি এফবিসিসিআই ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) কর্মকর্তাদের সঙ্গেও তাদের বৈঠকের কথা রয়েছে।

গত দুই বছরে বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে বিভিন্ন বন্দরসংক্রান্ত বিধিনিষেধ আরোপের কারণে দুই দেশের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদলের ঢাকা সফরকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সফরে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো, বিনিয়োগের নতুন সুযোগ তৈরি এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমানোর বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement